ঢাকা
দিয়াবাড়ি (Diabari) ঢাকার উত্তরা ১৫ নম্বর সেক্টরে অবস্থিত এক মনোরম স্থান। নদীর কোলজুড়ে ছড়িয়ে থাকা প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানকার পরিবেশকে করে তুলেছে মোহনীয়। শরৎকালে কাশবনের সাদা ফুলের মেলা মনে জাগায় এক অনন্য প্রশান্তি। কাশফুলের কোমলতা আর সন্ধ্যার রক্তিম সূর্যের মিতালী নাগরিক জীবনের সকল ক্লান্তি মুছে দেয় সহজেই।
দিয়াবাড়ির অন্যতম আকর্ষণ হলো বিশাল এক বটগাছ, যা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে করেছে আরও সমৃদ্ধ। এই গাছের ছায়াতলে প্রায়ই চলচ্চিত্র বা নাটকের শুটিং হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা এই বটগাছের ছায়াঘেরা স্থানটি এখন ‘দিয়াবাড়ি বটতলা’ নামে পরিচিত। ভাগ্য ভালো হলে এখানে কোনো প্রিয় তারকার সাথে দেখা কিংবা অটোগ্রাফ পাওয়ারও সুযোগ মিলতে পারে!
দিয়াবাড়ির কাছেই রয়েছে তুরাগ নদীর একটি শাখা নদী। একসময় প্রাণহীন থাকলেও এখন এটি সংস্কার করে সুন্দর একটি লেকে পরিণত করা হয়েছে। লেকের পাড়ে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় একটি ব্রিজ, যা এখানকার সৌন্দর্যকে করেছে দ্বিগুণ। প্রিয়জনের সাথে নৌকাভ্রমণ, বন্ধুদের সঙ্গে গান-আড্ডা কিংবা জেলেদের মাছ ধরার দৃশ্য উপভোগ করে এখানে কাটিয়ে দিতে পারেন অবিস্মরণীয় কিছু সময়।
প্রকৃতির কোলে লুকিয়ে থাকা দিয়াবাড়ি তাই শহুরে জীবনের এক টুকরো শান্তির ঠিকানা।
কিভাবে যাবেন
ঢাকা থেকে দিয়াবাড়ি যাওয়ার জন্য উত্তরা রুটের যেকোনো বাসে করে হাউজ বিল্ডিং আসতে হবে। হাউজ বিল্ডিংয়ের নর্থ টাওয়ার বা মাসকট প্লাজার সামনে থেকে দিয়াবাড়ির রিকশা ও লেগুনা পাওয়া যায়। লেগুনায় চড়ে আপনি সরাসরি দিয়াবাড়ি বটতলায় পৌঁছাতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!