বালাসী ঘাট

গাইবান্ধা

বালাসী ঘাট (Balashi Ghat) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি নৌবন্দর ও দর্শনীয় স্থান। এটি গাইবান্ধা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। বর্ষাকালে নদী পানিতে টইটম্বুর থাকলেও শীতকালে বিশাল বালুর চর দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই স্থান প্রতিদিনই ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত থাকে। নদীর উত্তাল ঢেউ, নির্মল বাতাস এবং নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য এখানে আগত দর্শনার্থীদের মুগ্ধ করে। বালাসী ঘাটে ঘোড়ায় চড়া, নৌকাভ্রমণ এবং রেলওয়ের ফেরি থেকে নদীতে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়।

একসময় বালাসী ঘাট ছিল বাংলাদেশের একমাত্র রেলওয়ে ফেরি চলাচলের স্থান। এটি বিশ্বের অন্যতম একটি ব্যতিক্রমী রেল ফেরি সার্ভিস ছিল, যেখানে সম্পূর্ণ একটি ট্রেন নদী পার হতো! রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সহজ করার জন্য ১৯৩৮ সালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাটে রেল ফেরি সার্ভিস চালু করা হয়। সে সময় ইংরেজরা ফুলছড়ি ঘাটের নামেই গাইবান্ধাকে চিনত। ১৯৯০ সালের পর যমুনা নদীর নাব্যতা কমে যাওয়ায় রেল ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে সরিয়ে ফুলছড়ির কঞ্চিপাড়া এলাকার বালাসী স্থানে স্থানান্তর করা হয়। সেই থেকেই এটি বালাসী ঘাট নামে পরিচিত। রেলওয়ে ফেরিতে ১৩টি লাইনের প্রতিটিতে তিনটি করে ছোট বগি বা ওয়াগন পরিবহন করা হতো।

কিভাবে যাবেন

গাইবান্ধা সদর থেকে রিকশা, অটো রিকশা কিংবা সিএনজিতে পুরাতন বাজার হয়ে সহজেই বালাসী ঘাটে পৌঁছানো যায়। বালাসী ঘাট থেকে রেলওয়ে ফেরি দেখতে চাইলে ট্রলারে চড়ে নদী পার হতে হবে। এছাড়া গাইবান্ধা জেলা সদর থেকে কেতকী বা উড়িয়ার ঘাটে এসে পায়ে হেঁটে সামান্য পথ অতিক্রম করেও রেলওয়ে ফেরি ঘাটে যাওয়া সম্ভব।

ঢাকা থেকে গাইবান্ধা

রাজধানী ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে এসি ও নন-এসি বাস চলাচল করে। এর মধ্যে শ্যামলী পরিবহন, আল হামরা পরিবহন, এস আর ট্রাভেলস এবং অরিন ট্রাভেলস অন্যতম। বাসের ধরণ অনুযায়ী ভাড়া ৬৫০ টাকা থেকে ১১০০ টাকার মধ্যে হয়ে থাকে।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে করেও গাইবান্ধা যাওয়া যায়। ট্রেনের আসনভেদে ভাড়া ৫৫০ টাকা থেকে ১৮৮৬ টাকা পর্যন্ত হয়ে থাকে।

কোথায় থাকবেন

গাইবান্ধায় রাত্রিযাপনের জন্য বেশকিছু আবাসিক সুবিধা রয়েছে। এর মধ্যে গাইবান্ধা সার্কিট হাউজ, এসকেএস ইন হোটেল ও গণ উন্নয়ন কেন্দ্র উল্লেখযোগ্য। কলেজ রোডে অবস্থিত এসকেএস ইন সবচেয়ে উন্নত মানের, যেখানে কক্ষ ভাড়া ৩৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যে হয়ে থাকে।

বালাসী ঘাট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
185.6 কিমি
গাইবান্ধা থেকে
7.84 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
338
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান