ঢাকা
ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী নানা দুর্লভ নিদর্শনের সংগ্রহশালা। ১৯৯৬ সালের ২২ মার্চ বেসরকারি উদ্যোগে ঢাকার সেগুনবাগিচায় একটি ভাড়া বাড়িতে প্রথম এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতায় এখানে এখন ১৫ হাজারেরও বেশি নিদর্শন সংরক্ষিত আছে। ২০১৭ সালের ১৬ এপ্রিল জাদুঘরটিকে আনুষ্ঠানিকভাবে আগারগাঁওয়ের নতুন ও আধুনিক ভবনে স্থানান্তর করা হয়।
আধুনিক স্থাপত্য ও গ্যালারি
প্রায় আড়াই বিঘা জমির উপর নির্মিত এই জাদুঘরের গ্যালারিগুলো মুক্তিযুদ্ধের ইতিহাস ও আদর্শকে ধারণ করে সাজানো হয়েছে। ২১ হাজার বর্গফুট আয়তনের চারটি গ্যালারিতে রয়েছে—
- শহীদদের দেহাবশেষ
- মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী
- ঐতিহাসিক আলোকচিত্র, অস্ত্র ও দলিলপত্র
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ব্রোঞ্জ ম্যুরাল
গ্যালারিভিত্তিক প্রদর্শনী
১. আমাদের ঐতিহ্য, আমাদের সংগ্রাম: প্রাচীন বাংলার মানচিত্র, টেরাকোটা শিল্প, ব্রিটিশ ও পাকিস্তানি আমলের নথি এবং ১৯৭০-এর নির্বাচনের স্মারক।
২. আমাদের অধিকার, আমাদের ত্যাগ: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনী, ২৫শে মার্চের গণহত্যার চিত্র ও দলিল।
৩. আমাদের যুদ্ধ, আমাদের মিত্র: শরণার্থী শিবিরের জীবন, বিদেশি মিডিয়ার প্রতিবেদন, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও গেরিলা অপারেশনের বিবরণ।
৪. আমাদের জয়, আমাদের মূল্যবোধ: যুদ্ধের চূড়ান্ত বিজয়ের পূর্বমুহূর্ত পর্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন।
অন্যান্য সুবিধা
নয় তলা ভবনে রয়েছে আর্কাইভ, গবেষণাগার, মিলনায়তন, অফিস এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা। মুক্তিযুদ্ধ জাদুঘর কেবল একটি সংগ্রহশালা নয়, এটি বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের জীবন্ত পাঠশালা।
প্রবেশ টিকেট মূল্য ও সময়সূচী
মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রবেশের টিকেট মূল্য:
- সাধারণ দর্শনার্থী: ৫০ টাকা
- ৫ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোর: ২০ টাকা
- সার্কভুক্ত দেশের দর্শনার্থী: ৫০ টাকা
- বিদেশী দর্শনার্থী: ৫০০ টাকা
জাদুঘরের খোলার সময়:
- গ্রীষ্মকালীন সময় (১০টা সকাল – ৬টা সন্ধ্যা)
- শীতকালীন সময় (১০টা সকাল – ৫টা বিকাল)
জাদুঘরটি সাপ্তাহিক বন্ধ থাকে শুধুমাত্র রবিবার।
যোগাযোগের ঠিকানা:
- প্লট: F11/A ও F11/B, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা
- ফোন: ০২-২২২২৪৮৬৫২-৩, ০২-৪৮১১৪৯৯১-৩, ০৯৬১১৬৭৭২২৩
- ইমেইল: [email protected]
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!