ইদ্রাকপুর কেল্লা

মুন্সিগঞ্জ

ইদ্রাকপুর কেল্লা (Idrakpur Fort) মুন্সীগঞ্জ জেলা সদরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মোঘল স্থাপত্য। ১৬৬০ খ্রিস্টাব্দে বাংলার তৎকালীন সুবাদার ও সেনাপতি মীর জুমলা ইছামতি নদীর তীরে ইদ্রাকপুর এলাকায় এই কেল্লাটি নির্মাণ করেন। ইটের তৈরি এই কেল্লার দৈর্ঘ্য ৮২ মিটার এবং প্রস্থ ৭২ মিটার। এটি মগ জলদস্যু ও পর্তুগিজদের আক্রমণ থেকে রক্ষার জন্য নির্মিত হয়।

লোককথা অনুযায়ী, ঢাকার লালবাগ কেল্লা থেকে ইদ্রাকপুর কেল্লা পর্যন্ত একটি সুড়ঙ্গ পথ ছিল। সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা এই কেল্লার প্রতিটি কোণে গোলাকার বেষ্টনী রয়েছে। দুর্গের একমাত্র খিলানাকৃতির প্রবেশদ্বারটি উত্তরের দিকে অবস্থিত। শত্রুদের ওপর গোলা বর্ষণের জন্য প্রাচীরের গায়ে অসংখ্য ছোট ছোট ফোঁকর রয়েছে। পূর্ব দিকের মূল প্রাচীরের মাঝখানে একটি গোলাকার মঞ্চ আছে, যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হত। ইদ্রাকপুর কেল্লার ৩ কিলোমিটারের মধ্যে ধলেশ্বরী, ইছামতি, মেঘনা এবং শীতলক্ষ্যা এই চারটি নদী অবস্থান করে।

১৯০৯ সালে ইদ্রাকপুর কেল্লাকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়। এটি এখনো মোঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এই প্রাচীর ঘেরা গোলাকার দুর্গটি এলাকায় "এস.ডি.ও কুঠি" নামে পরিচিত। ধারণা করা হয়, কেল্লাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৫৮ সালে এবং শেষ হয়েছিল ১৬৬০ সালে। উত্তর দিকে প্রাচীরের পাশেই কামান বসানোর জন্য তিনটি মঞ্চ নির্মিত হয়েছিল।

১৮৪৫ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ইদ্রাকপুর কেল্লাটি মহকুমা প্রশাসনের বাসভবন হিসেবে ব্যবহৃত হত। বর্তমানে এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। ঢাকার কাছাকাছি অবস্থান এবং দিনে যাওয়া-আসার সুবিধার জন্য এটি ভ্রমণপিপাসুদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

কীভাবে যাবেন

মুন্সীগঞ্জ জেলা সদরের পুরাতন কোর্ট অফিসের কাছে ইদ্রাকপুর কেল্লা অবস্থিত। ঢাকার গুলিস্তান থেকে দিঘীরপাড় বা ঢাকা ট্রান্সপোর্ট বাসে মুক্তারপুর পৌঁছানো যায়। সেখান থেকে জনপ্রতি ১০ টাকা অটোরিকশা বা ২০-২৫ টাকা রিকশা ভাড়ায় কেল্লায় পৌঁছানো সম্ভব।

কোথায় থাকবেন

সাধারণত, ঢাকা থেকে দিনে গিয়ে মুন্সীগঞ্জ ঘুরে দিনে ফিরে আসা যায়। তবে প্রয়োজনে রাত্রিযাপনের জন্য মুন্সীগঞ্জে হোটেল থ্রি স্টার (01715-665829, 01715-177716) বা হোটেল কমফোর্টে ২০০ থেকে ৬০০ টাকায় থাকার ব্যবস্থা করা যায়। এছাড়া পদ্মা রিসোর্টেও (01713-033049) গ্রামীণ পরিবেশে রাত কাটানোর সুযোগ রয়েছে।

ইদ্রাকপুর কেল্লা এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
31.63 কিমি
মুন্সিগঞ্জ থেকে
0.59 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1217
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
বাবা আদম মসজিদ
পোলঘাটা সেতু
ফুলের গ্রাম সাবদি
সোনাকান্দা দুর্গ
ষোলআনী সৈকত
সোনারং জোড়া মঠ
অতীশ দীপঙ্করের জন্মস্থান
কাইকারটেক হাট
হাজীগঞ্জ দুর্গ
মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট