জামাই পাগলের মাজার

রাজবাড়ী

রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডভুক্ত আলাদিপুর গ্রামে জামাই পাগলের মাজার (Murshid Jamai Pagol Mazar Sharif) অবস্থিত। জানা যায়, ১৯৬০ সালের দিকে নেংটি পরা এক ব্যক্তি বর্তমান মাজার প্রাঙ্গণের শেওরা গাছের নিচে বসবাস শুরু করেন। তাঁর নামে অনেক অলৌকিক ঘটনার প্রচলন রয়েছে। বলা হয়, পাবনা জেলায় এক ধনী ব্যক্তি তার বোবা মেয়েকে গ্রামের এক পাগলের সাথে বিয়ে দেন। বিয়ের পর রাতেই বোবা মেয়ে কথা বলা শুরু করেন, তবে সেই পাগল জামাই আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে রাজবাড়ী জেলার আলাদিপুরে তাঁর সন্ধান পাওয়া যায়, তবে তিনি আর সংসারে ফিরে যাননি। এই ঘটনার পর থেকে জামাই পাগল নামটি সবার মুখে চলে আসে।

জানা যায়, জামাই পাগল যখন আলাদিপুরে আসেন, তখন এলাকাবাসী কলেরায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। তিনি সকলকে সুস্থ করেন এবং ধীরে ধীরে মানুষজন নানা বিপদ থেকে মুক্তির জন্য তাঁর কাছে আসতে শুরু করেন। তিনি যখন কিছু বলতেন, তা পুনরাবৃত্তি করতেন এবং তার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান হতো। জামাই পাগলের মৃত্যুর পর এক আগন্তুক তাঁর সৎকারের সমস্ত ব্যবস্থা করেন এবং এখানে একটি মাজার তৈরি হয়। এরপর নুর বাকের শাহ নামের এক ভক্ত এখানে বসবাস শুরু করেন। নুর বাকের শাহের মৃত্যুর পর গৌরী পাগলী মাজারটির দেখাশুনা করতেন। মাজার প্রাঙ্গণে একটি বিশাল মসজিদও রয়েছে।

মাজারের ভেতরে মুশিদ জামাই পাগল, নুর বাকের শাহ এবং গৌরী পাগলীর পৃথক কবর রয়েছে। প্রতিবছর ১৫ ফাল্গুন ও ৩১ ফাল্গুন দুইটি বড় ঔরসসহ মোট ৫টি ঔরস এখানে অনুষ্ঠিত হয়।

কিভাবে যাবেন

ঢাকার গাবতলি থেকে রাবেয়া, হানিফ এন্টারপ্রাইজ, রাজবাড়ী পরিবহণ, সপ্তবর্ণা, সাউদিয়া বাসে চড়ে পাদ্মা সেতু পার হয়ে রাজবাড়ী যেতে জনপ্রতি ৫০০ টাকা ভাড়া লাগে। এছাড়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী আসা যায়। ট্রেনে আসনভেদে ভাড়া ৩৪০ থেকে ৭৮২ টাকা।

রাজবাড়ী জেলা সদর থেকে মুর্শিদ জামাই পাগল মাজারের দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। রাজবাড়ী জেলা সদর এসে রিকশা বা ইজিবাইক নিয়ে সহজেই মাজারে যাওয়া যায়।

কোথায় থাকবেন

রাজবাড়ী জেলায় কিছু সরকারি ডাক বাংলো এবং কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল গ্র্যান্ড প্যালেস, হোটেল সমবায় রেসিডেন্সিয়াল, হোটেল পার্ক, হোটেল গোল্ডেন, গুলশান বোডিং, প্রাইম হোটেল ইত্যাদি উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

রাজবাড়ী জেলায় বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট থেকে খাবারের চাহিদা মেটানো সম্ভব। পান বাজারে অবস্থিত ভাদু শাহের দোকানের চমচম, রেলগেইটের হৈরা শাহের চপ এবং ঝালাই পট্টির কুলফি মালাই রাজবাড়ীর জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম।

জামাই পাগলের মাজার এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
77.88 কিমি
রাজবাড়ী থেকে
3.76 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
389
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান