দিব্যক জয়স্তম্ভ

নওগাঁ

নওগাঁ জেলা থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে পত্নীতলা উপজেলার দিবর দীঘির মাঝখানে বাঙালি আভিজাত্যের প্রতীক দিব্যক জয়স্তম্ভ (Dibar Jayastambha) বা দিবর স্তম্ভ অবস্থিত। গোলাকার দিবর দীঘিতে অবস্থিত আটকোণ বিশিষ্ট গ্রানাইট পাথরের এই জয়স্তম্ভটির মোট উচ্চতা ৩১ ফুট ৮ ইঞ্চি, যার মধ্যে ৬ ফুট ৩ ইঞ্চি পানির নিচে এবং ২৫ ফুট ৫ ইঞ্চি পানির উপরে দৃশ্যমান। স্তম্ভের প্রতিটি কোণের পরিধি ১ ফুট সাড়ে ৩ ইঞ্চি। দিব্যক জয়স্তম্ভের উপরের অংশটি খাঁজ কাটা মুকুটাকৃতির নানা কারুকার্যে সুশোভিত। চারপাশের মনোরম পরিবেশে অবস্থিত এই দৃষ্টিনন্দন জয়স্তম্ভ স্থানীয়দের কাছে একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।

ইতিহাস

প্রায় ৬০ বিঘা জায়গা জুড়ে বিস্তৃত পাল আমলে খননকৃত দিবর দীঘি স্থানীয়দের কাছে কর্মকারের জলাশয় নামেও পরিচিত। এক ঘাট বিশিষ্ট এই দীঘির চারপাশে ধানক্ষেত ও উঁচু সবুজ টিলা রয়েছে। দীঘির মাঝে অবস্থিত জয়স্তম্ভটি একটি অখণ্ড পাথর কেটে নির্মাণ করা হয়েছে। জয়স্তম্ভটির স্থপতি ও নির্মাণের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। কারও মতে, দ্বিতীয় মহীপালকে পরাজিত ও হত্যার সাফল্যকে স্মরণীয় করার উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছে। আবার কেউ কেউ মনে করেন, ভীম তার পিতার স্মৃতিরক্ষার্থে বা দিব্যকের রাজত্বকালে, পাল যুবরাজ রামপালের বরেন্দ্র অঞ্চল উদ্ধারের জন্য দিব্যকের কাছে পরাজিত হওয়ার ঘটনাকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে এই স্তম্ভটি নির্মাণ করা হয়। তবে দিব্যক রাজার বিজয়লাভের স্মৃতি চিহ্ন হিসেবে দিব্যক জয়স্তম্ভ অধিক পরিচিত।

কিভাবে যাবেন

ঢাকার কল্যাণপুর, গাবতলী, আব্দুল্লাহপুর থেকে এসআর, শ্যামলী, হানিফ কিংবা মৌ এন্টারপ্রাইজের এসি/নন-এসি বাসে নওগাঁ যাওয়া যায়। বাসভেদে এসব এসি/নন-এসি বাসের ভাড়া ৬৮০ টাকা থেকে ১৪০০ টাকা পর্যন্ত। নওগাঁ জেলা থেকে ৫২ কিলোমিটার দূরে এবং পত্নীতলা সদর থেকে ১৩ কিলোমিটার পশ্চিমে দিবর ইউনিয়নে এই জয়স্তম্ভটি অবস্থিত। নওগাঁ থেকে নজিপুর-সাপাহার হাইওয়ে দিয়ে সামনে এগোলেই দিবর দীঘির দক্ষিণ পাশে দিব্যক জয়স্তম্ভ দেখতে পাওয়া যায়।

কোথায় থাকবেন

নওগাঁতে রাত্রিযাপনের জন্য বেসরকারি আবাসনের মধ্যে হোটেল প্লাবন, হোটেল যমুনা, হোটেল অবকাশ, মল্লিকা ইন, হোটেল ফারিয়াল ও হোটেল রাজ অন্যতম।

কোথায় খাবেন

পত্নীতলা উপজেলায় সাধারণ মানের বেশ কিছু খাবারের দোকান রয়েছে। এছাড়া নওগাঁর গোস্তহাটির মোড়ে খাবারের কয়েকটি ভালো মানের রেস্তোরাঁ আছে।

নওগাঁ জেলার দর্শনীয় স্থান

নওগাঁ জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে আলতাদীঘি, ডানা পার্ক ও পাহাড়পুর বৌদ্ধ বিহার অন্যতম।

দিব্যক জয়স্তম্ভ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
233.72 কিমি
নওগাঁ থেকে
48.3 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1732
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
আলতাদীঘি
জগদ্দল বিহার
পাগলা দেওয়ান বধ্যভূমি
লকমা রাজবাড়ি
বলিহার রাজবাড়ি
পাহাড়পুর বৌদ্ধ বিহার
পাহাড়পুর জাদুঘর
শিশু উদ্যান ও রিসোর্ট
বার শিবালয় মন্দির
কুসুম্বা মসজিদ